বান্দরবান শহরে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও প্রচারের অভিযোগে এক যুগলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার রোয়াংছড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বাড়ি চট্টগ্রামে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও অনলাইনে আপলোড করছিলেন। শুধু নিজেরাই নয়, অন্যদেরও এই কাজে যুক্ত হতে উৎসাহিত করতেন। এর মাধ্যমে দেশে বসে একটি নেটওয়ার্ক গড়ে তোলেন তারা, যা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী গুরুতর অপরাধ।

ভবনটির ম্যানেজার জানান, চলতি মাসের ১৩ তারিখে ফল ব্যবসায়ী পরিচয়ে ১০ হাজার টাকায় বাসাটি ভাড়া নেন তারা। নিয়ম মেনে আইডি কার্ড জমা দিলেও তাদের প্রকৃত পরিচয় গোপন ছিল। বাসা থেকে বের হওয়ার সময় সবসময় হেলমেট পরে থাকতেন।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, “অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।”

তদন্তে জানা গেছে, তারা একাধিক অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করতেন। পাশাপাশি টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের মে মাসে খোলা তাদের টেলিগ্রাম চ্যানেলে কয়েক হাজার সদস্য রয়েছে, যেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box