২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান শুরুর আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।”

গণভোট প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচনের আগে না পরে গণভোট হবে—এ বিষয়ে এখনো কমিশনের আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারের প্রস্তুতি সম্পর্কেও আমাদের কাছে আনুষ্ঠানিক তথ্য নেই।”

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। কমিশন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।”

তিনি আরও বলেন, “সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই।”

নির্বাচনী আচরণবিধি ও প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে বলেও জানান তিনি। নভেম্বর মাসে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে এবং কারাবন্দি ভোটারদেরও ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box