ঢাকা, ১০ নভেম্বর — বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করবেন তারেক রহমান।

বৈঠকের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও বিএনপির এক সিনিয়র নেতা ইঙ্গিত দিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন, দলীয় মনোনয়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে অভ্যন্তরীণ মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনা হতে পারে।

দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ, মাঠ পর্যায়ে সাংগঠনিক দ্বন্দ্ব এবং জোটভিত্তিক কৌশল পুনর্মূল্যায়নের প্রেক্ষাপটে এই বৈঠককে ‘জরুরি’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

বৈঠক শেষে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

Facebook Comments Box