বাংলাদেশের বাজারে ‘মুগ’ ডালের নামে বিক্রি হচ্ছে রঙ মেশানো ‘মথ’ ডাল। ২৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, অসাধু ব্যবসায়ীরা মথ ডালে কৃত্রিম হলুদ রঙ টার্ট্রাজিন মিশিয়ে তা মুগ ডাল হিসেবে বাজারজাত করছে, অথচ খাদ্যে এই রঙ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, টার্ট্রাজিন মানবদেহে অ্যালার্জি, ত্বকের জটিলতা এবং লিভারের ক্ষতি ঘটাতে পারে। গবেষণায় দেখা গেছে, গত অর্থবছরে দেশে মুগ ডালের তুলনায় মথ ডাল আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ। তবু বাজারে ‘মথ’ নামে কোনো ডাল পাওয়া যায়নি—সবই বিক্রি হচ্ছে মুগ ডালের ছদ্মবেশে। স্থানীয় বাজার থেকে সংগৃহীত নমুনার অর্ধেকেরও বেশি ডালে রঙ মেশানোর প্রমাণ মিলেছে।

বিএফএসএ জানিয়েছে, অনুমোদনহীনভাবে খাদ্যে রঙ মেশানো বা এমন খাদ্য বিক্রি করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সংস্থাটি ক্রেতাদের সতর্ক করে বলেছে, মুগ ডাল কেনার আগে তা আসল ও বিশুদ্ধ কি না যাচাই করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box