রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু’র পক্ষ থেকে ‘সম্মিলিত ছাত্র সংসদ’ ব্যানারে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। কিন্তু বিতাড়িত রাজনৈতিক শক্তি ও তাদের সহযোগী সংগঠনগুলো আবারও নাশকতা, অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও ধর্মীয় স্থাপনায় হামলার মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
ছাত্র সংসদগুলোর দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব অপতৎপরতা রুখতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তারা অভিযোগ করেছে, জুলাই গণহত্যায় জড়িত অনেক ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষার জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, দেশদ্রোহী ও সহিংসতাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হাত থেকে জাতিকে নিরাপদ রাখতে হবে এবং জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি জাতির সামনে তুলে ধরতে হবে।
সম্মিলিত ছাত্র সংসদ দেশপ্রেমিক নাগরিক, ছাত্র, শ্রমিক ও জনতার প্রতি আহ্বান জানিয়েছে, যেখানেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

মন্তব্য করুন