বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভোট মাত্র ৫ থেকে ৬ শতাংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবাগঞ্জ সরকারি কলেজে পানির ন্যায্যতার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াতকে ইঙ্গিত করে ফখরুল বলেন, “১৯৭১ সালে যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ ক্ষমতা চায়।” তিনি আরও জানান, পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল রক্ষার উদ্যোগ নেওয়া হবে।
ভারতের ফারাক্কা বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, “চুপি চুপি ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে ভারত। এতে পদ্মাপাড়ের হাজারো মানুষ কর্মহীন হয়েছে। তাই নদীগুলো বাঁচানো জরুরি।”
এর আগে সকালে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে তিনি বলেন, “বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির সুযোগ নেই।”
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে। ফখরুল জানান, পদ্মার পানি বণ্টন নিয়ে মূল সমস্যা ২০২৬ সালে চুক্তি শেষ হওয়ার পর আরও প্রকট হবে। দেশের স্বার্থ আগে দেখতে হবে।

মন্তব্য করুন