রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে পরপর দুটি স্থানে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রথম বিস্ফোরণটি ঘটে রাত ৯টা ১০ মিনিটে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এরপর রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ পারভেজ বলেন, “দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।”

দুটি ঘটনায়ই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box