ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সোমবার দুপুরে দুটি এক্সক্যাভেটর প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।
ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, “আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।”
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়েছিল।
এদিকে আজ সোমবারই বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত অন্য দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। পাঁচটি অভিযোগে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
পূর্বঘোষিত তারিখ অনুযায়ী রায় ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবে।

মন্তব্য করুন