প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেন, জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, কামালসহ আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে।
এ বিষয়ে তিনি লিখেছেন, “আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসাদুজ্জামান খান কামাল খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন।” তিনি আরও দাবি করেন, হাসিনা আমলে সংঘটিত গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে ক্রমেই বেশি মনোযোগ পাচ্ছে।
প্রেস সচিবের মতে, কামাল বা অন্য নেতারা যত অর্থই ব্যয় করুন না কেন, দায় এড়ানো সম্ভব হবে না। তিনি বলেন, জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকি, তবে দায়ীদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে।

মন্তব্য করুন