অন্য দেশের এজেন্টের সঙ্গে যোগসাজশ করে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে গ্রেপ্তার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে এই আদেশ দেন।

রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এই মামলায় গত রোববার বিকেলে মালিবাগ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শওকত মাহমুদকে গ্রেপ্তার করে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী হিসেবে অভিযুক্ত।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, শওকত মাহমুদসহ আরও অজ্ঞাতনামা আসামিরা এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজশ করে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণে আতংক সৃষ্টি করছিলেন।

তদন্ত সংস্থা আদালতকে জানায়, বর্তমান সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং উচ্চপদস্থ লোকজন ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপনে সভা-সমাবেশ ও পরামর্শ করেছেন। কোন কোন দল বা সংগঠনের সঙ্গে এই ‘শলাপরামর্শ’ হয়েছে, সে তথ্য উদঘাটনে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার মূল আসামি এনায়েত করিম চৌধুরীকে গত ১৩ সেপ্টেম্বর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় সন্দেহজনক চলাচলের সময় আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, এই আমেরিকান নাগরিক ‘বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট’।

জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, তিনি ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে পরিবর্তন করে সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমেরিকান সরকার হতাশ।”

এনায়েত করিম চৌধুরী সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলেও জানান। তিনি ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলেও অবস্থান করেছিলেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শওকত মাহমুদসহ অন্যান্য আসামিরা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করে জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিনষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত ছিলেন, যা ধর্তব্য অপরাধ।

Facebook Comments Box