জীবন বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আনুমানিক চার থেকে সাড়ে চার ঘণ্টার এই আকাশপথ পাড়ি দিয়ে বিকেলেই তার সিঙ্গাপুর পৌঁছানোর কথা রয়েছে। এর আগে দুপুর ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিমানবন্দরে আনা হয়।

হাদিকে বিদায় জানাতে এবং সার্বিক তদারকির জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই চিকিৎসার সমুদয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, হাদির চিকিৎসার খরচের বিষয়টি গৌণ। তার জীবন রক্ষার্থে প্রয়োজনীয় যেকোনো অর্থ জোগান দিতে সরকার প্রস্তুত।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ জানান, হাদির মস্তিষ্কে এখনো অক্সিজেনের স্বল্পতা রয়েছে এবং তিনি জিসিএস-৩ লেভেলে আছেন।

তিনি আরও জানান, দেশে অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক তার সঙ্গে যাননি; সিঙ্গাপুর থেকে আগত মেডিকেল টিমই তাকে আকাশপথে পর্যবেক্ষণে রাখছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাদির সঙ্গে তার দুই ভাই সিঙ্গাপুরে গিয়েছেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী।

Facebook Comments Box