দেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানানোর সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
প্রধান উপদেষ্টা পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন।
প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপনের অব্যবহিত পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদদের স্মৃতিতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে সশস্ত্র বাহিনীর দেওয়া রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে, পাশাপাশি বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রপতিও পরে উপস্থিত উপদেষ্টাদের সদস্য, সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে ৩১ বার তোপধ্বনি প্রদান করে। একই সময়ে কক্সবাজারেও সমসংখ্যক তোপধ্বনি দেওয়া হয়।

মন্তব্য করুন