দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে বাসভবন ও বিশেষ রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করেছে দল। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে তিনি অবস্থান করবেন, যা বেগম খালেদা জিয়ার বর্তমান বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত।
তারেক রহমানের আগমন উপলক্ষে গুলশান ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানের ৯০ নম্বর সড়কে একটি নতুন চারতলা ভবন ভাড়া নিয়েছে বিএনপি। এখান থেকেই মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক একটি জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার ঘোষণা দেন। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রতিযোগিতার সেরা ১০ বিজয়ী সরাসরি তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। দেশ গড়তে সাধারণ মানুষের উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা সংগ্রহ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ইতিমধ্যেই তারেক রহমানের গুলশানের বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও বিশেষ নিরাপত্তা ছাউনি। ২৫ ডিসেম্বর বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে রাজকীয় সংবর্ধনা দিতে সড়কের দুই পাশে অবস্থান নেবেন দলের লক্ষ লক্ষ নেতাকর্মী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নেতার আগমনে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। শৃঙ্খলা বজায় রেখে তাকে অভ্যর্থনা জানাতে যাবতীয় সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

মন্তব্য করুন