রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেটে অবস্থিত দেশের প্রভাবশালী দুই সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে হামলার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) পত্রিকা দুটির কোনো ছাপা সংস্করণ বাজারে আসছে না।
পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রাত ১২টার দিকে কয়েক শ’ বিক্ষুব্ধ মানুষ কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে এবং পরবর্তীতে ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবনে হামলা চালায়। ভবনের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্মীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এই আকস্মিক বিপর্যয়ের ফলে পত্রিকা দুটির মুদ্রণ যন্ত্র সচল রাখা সম্ভব হয়নি। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন সংস্করণও বর্তমানে স্থবির হয়ে পড়েছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
হামলার সময় ভবনের ভেতরে অনেক সাংবাদিক ও কর্মী আটকা পড়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ভবনের আগুন নিভিয়ে আটকে পড়াদের উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু সংবাদকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গণমাধ্যম দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় শুরু হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন