দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গী হয়েছে তার অতি আদরের পোষা বিড়াল ‘জেবু’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টা ৪০ মিনিটে বিশেষ ফ্লাইটে পরিবারসহ তারেক রহমান যখন ঢাকায় নামেন, তখন তার সঙ্গে জেবুকেও দেখা যায়।

সাত বছর বয়সী এই সাইবেরিয়ান জাতের লোমশ বিড়ালটি তারেক রহমানের প্রবাস জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রবাসে অবসরে বিড়ালটির সঙ্গে তার খুনসুটির বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিল।

জেবুকে বাংলাদেশে আনার প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক। বিড়ালটির জন্য আলাদা পাসপোর্ট তৈরি এবং আন্তর্জাতিক ভ্রমণে প্রয়োজনীয় প্রাণিসম্পদ দপ্তরের সব ধরনের বিশেষ অনুমোদন আগেই সম্পন্ন করা হয়েছিল।

তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানের সঙ্গে জেবুও এখন ঢাকায়। রাজনৈতিক এই হাই-প্রোফাইল প্রত্যাবর্তনের মধ্যে বিড়ালটির উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

আকর্ষণীয় বিষয় হলো, তারেক রহমানের ফেরার ঠিক কয়েক ঘণ্টা আগে ‘জেবু’র নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। দ্রুততম সময়ে পেজটি বিপুল সংখ্যক নেটিজেনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

বিএনপির এই শীর্ষ নেতার পরিবারের সঙ্গে জেবুর সখ্যতা দীর্ঘদিনের। নির্বাসন জীবনের নিঃসঙ্গতা ও প্রবাসের দিনগুলোতে এই বিড়ালটি তাদের অন্যতম সঙ্গী ছিল বলে জানা গেছে।

Facebook Comments Box