ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার ডুব দেওয়ার পর বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষকের আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়ইয়া কাচারি বাড়ি বাজার সংলগ্ন খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা স্থানীয় বড়ইয়া এলাকার আনছার মোল্লার পুত্র। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাথায় চালের বস্তা নিয়ে বাজারে আসার পর স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার একটি বাজি ধরেন বাবুল মোল্লা। বাজির শর্ত ছিল পাশের খালে নামেন টানা ১০০ বার ডুব দিতে হবে। তিনি শর্ত পূরণ করে খাল থেকে তীরে ওঠার পরপরই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এখনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সামান্য কিছু টাকার বাজিতে এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহাওয়া বিরাজ করছে।

মন্তব্য করুন