দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনকে বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স, বিবিসি ও এএফপি-সহ বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থাগুলো তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স ‘নির্বাসন থেকে ফিরলেন সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’ শিরোনামে এক প্রতিবেদনে জানায়, তারেক রহমানের এই প্রত্যাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বিএনপির সমর্থকদের মধ্যে নতুন প্রাণসঞ্চার করবে। সংস্থাটি তাকে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান বাংলাদেশের পরবর্তী নেতা হওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছেন। তার নেতৃত্বেই বিএনপি দীর্ঘ সময় পর ক্ষমতার ফেরার স্বপ্ন দেখছে। অন্যদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি তাকে ‘প্রভাবশালী রাজনৈতিক নেতা’ ও ‘বিএনপির উত্তরাধিকারী’ হিসেবে বর্ণনা করে রাজকীয় অভ্যর্থনার খবর প্রচার করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই ফিরে আসা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং দেশের স্থিতিশীলতায় তাঁর ভূমিকা এখন বিশ্ব সম্প্রদায়ের বিশেষ নজরদারিতে রয়েছে।

Facebook Comments Box