কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা নিশ্চিত হওয়ায় কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তে তিনি এই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর এই সেক্রেটারি তাঁর সিদ্ধান্ত প্রকাশ করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়ার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই রাজনৈতিক ঐক্যের প্রভাব সরাসরি দেবিদ্বারের নির্বাচনী মাঠে দেখা গেল।

সাইফুল ইসলাম শহিদ তাঁর ফেসবুক পোস্টে লিখেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারলেও দেবিদ্বারের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে দলের কর্মীদের ত্যাগের প্রতিও কৃতজ্ঞতা জানান এই নেতা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত প্রার্থীর এই সরে দাঁড়ানো দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর অবস্থানকে আরও শক্তিশালী করবে। জোটবদ্ধ নির্বাচনের অংশ হিসেবে জামায়াত এখানে সরাসরি হাসনাত আব্দুল্লাহর পক্ষে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box