প্রশাসনের একটি অংশের নির্দিষ্ট রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং মাঠ পর্যায়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট করেছেন, সমঝোতার নির্বাচনের কোনো আলামত দেখা দিলে ভোটের তারিখ পর্যন্ত অপেক্ষা না করে আগেই তা প্রতিহত করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, জনরায় চূড়ান্ত হওয়ার আগেই প্রজাতন্ত্রের কর্মকর্তারা একটি নির্দিষ্ট দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করছেন, যা নির্বাচনী ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানের একটি রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বৈঠক করার তীব্র সমালোচনা করেন তিনি। মুখপাত্রের মতে, বর্তমান সেটআপে সুষ্ঠু ভোট নিয়ে জনমনে শঙ্কা রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় দলের প্রার্থীদের সুবিধা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের আচরণে পক্ষপাতিত্বের ছাপ রয়েছে। আপিল বিভাগেও যদি একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে, তবে ইসির সক্ষমতা নিয়ে আর কোনো সংশয় থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দাগি সন্ত্রাসীদের কারাগারের বাইরে রেখে কোনোভাবেই গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে কমিশনের ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়ছে।
একইসঙ্গে জাতীয় পার্টিকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন