তেপান্তর রিপোর্ট:
সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয়ের জোয়ার লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক মাসেই দেশে এসেছে ২২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এই আয়ের অর্ধেকের বেশি পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীরা।
শীর্ষ আয়ের দেশ হিসেবে আবারো নিজের অবস্থান ধরে রেখেছে সৌদি আরব। গত মাসে দেশটি থেকে রেকর্ড ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার।
শীর্ষ তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য থেকে ৪০ কোটি ৪৯ লাখ, মালয়েশিয়া থেকে ৩২ কোটি ২৮ লাখ এবং যুক্তরাষ্ট্র থেকে ২৫ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকেও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, রেমিট্যান্স আহরণে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ডিসেম্বর মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন