রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ‘স্টার গলি’ এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ নামে এক ব্যবসায়ীও পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন গলিটিতে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

আহত মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছে, গুলি করার পর হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করে এলাকা ছাড়ছে। রাজনৈতিক প্রতিহিংসা না কি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box