ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেন।
পোস্টে মির্জা ফখরুল ঢাকা বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এক তরুণ দম্পতি তার কাছে এসে হাদি হত্যার বিচার দাবি করেন। জবাবে বিএনপি মহাসচিব তাদের আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ, বিচার হবে।
শরিফ ওসমান হাদির কথা উল্লেখ করে ফখরুল বলেন, ওই তরুণ ছিল গণতন্ত্রের পক্ষে এক উজ্জ্বল কণ্ঠস্বর। নির্বাচনের প্রচারণা ও গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। হাদি ছাড়াও মুদাসসীর ও সাম্যসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপি মহাসচিবের এই ঘোষণা এমন এক সময়ে এল যখন দেশের রাজনৈতিক অঙ্গনে বিচারহীনতা ও অতীতের বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। মূলত তরুণ প্রজন্মের ভোটার ও কর্মীদের আশ্বস্ত করতেই ফখরুল সামাজিক যোগাযোগমাধ্যমে এই কড়া বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন