বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের আকস্মিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এই পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি বিশেষ কর্মকৌশল নির্ধারণ করছেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কিছু কারণ দেখিয়েছে। যেহেতু বিষয়টি গতকালই মাত্র সামনে এসেছে, তাই আমাদের সংশ্লিষ্ট বিভাগগুলো এটি নিয়ে কাজ শুরু করেছে। আমরা অবশ্যই মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা (এনগেজ) করব।”

এই নিষেধাজ্ঞা কেবল বাংলাদেশকে টার্গেট করে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যেসব দেশ থেকে অভিবাসনের হার বেশি কিংবা পলিটিক্যাল অ্যাসাইলাম বা সামাজিক সুরক্ষা খাতের ওপর চাপ তৈরির প্রবণতা রয়েছে, ওয়াশিংটন মূলত সেই দেশগুলোর ওপরই কড়াকড়ি আরোপ করছে। তিনি আরও যোগ করেন, “এটি তাদের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত। তবে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা এবং করণীয় নির্ধারণে আমরা দ্রুত পদক্ষেপ নেব।”

উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসন বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এই ঘোষণার পর বিদেশে উচ্চশিক্ষা ও স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি অনিশ্চয়তার মুখে পড়েছেন।

Facebook Comments Box