রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ কোনো ঘটনা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা বড় আকার ধারণ করে। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এই ঘটনার জেরে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
উল্লেখ্য, সায়েন্সল্যাব এলাকায় আধিপত্য ও নানা ছোটখাটো বিষয় নিয়ে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ইতিহাস দীর্ঘ। দীর্ঘদিনের এই অস্থিরতা নিরসনে গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তিচুক্তি’ সই হয়েছিল। সেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতি দিলেও দেড় মাসের মাথায় আবারও সেই প্রতিশ্রুতি ভেঙে সড়কে নামল তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। তবে কী কারণে আজকের এই সংঘাতের সূচনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন