আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটির পরিধি বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি ভোটের দিনের পাশাপাশি আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারিও (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশেষ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, নির্বাচন উপলক্ষে আগে থেকেই ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নির্ধারিত ছিল। তবে ভোটারদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। অন্যদিকে, শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য তাদের ক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি কার্যকর হবে। অর্থাৎ শিল্প খাতের কর্মীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে একযোগে সারাদেশে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রচারণার অনুমতি দিলেও কঠোর আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। ভোটের সময় নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই বাড়তি ছুটির ঘোষণা এলো।

Facebook Comments Box