আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশার চেয়েও ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেটে বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
সিলেটের সুবিদবাজারস্থ পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার নির্বাচনের প্রস্তুতি অনেক বেশি সুসংহত। মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী সবাই দক্ষ ও সৎ অফিসার। এখানে রাজনৈতিক কোনো ‘দোসর’ বা পক্ষপাতের সুযোগ নেই।
নিরাপত্তা পরিকল্পনার আধুনিকায়ন প্রসঙ্গে উপদেষ্টা জানান, এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। বিশেষ কিছু কেন্দ্রে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড নিয়োজিত থাকবে।
কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে তিনজন থাকবেন সশস্ত্র। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে।
সিলেটের বিভাগীয় কমিশনার রেজা উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন