আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর প্রস্তাবিত গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে পৌঁছাতে শুরু করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার রাতে এই পরিসংখ্যান নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় এ পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ব্যালট হাতে পেয়েছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখের বেশি ভোটার নিজ নিজ দেশের ডাকবিভাগে তাদের ব্যালট জমা দিয়েছেন।

প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট প্রক্রিয়া চলমান রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরে ২ লাখ ৬৯ হাজার নিবন্ধিত ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। তবে অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে ভোট প্রদানের হার প্রবাসীদের তুলনায় কিছুটা ধীর। শুক্রবার বিকেল পর্যন্ত দেশে অবস্থানরত ২ হাজার ৪২২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, এবারের নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। পোস্টাল ব্যালট আসার এই প্রবাহ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box