ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি এখন নতুন মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলটির বিশ্বস্ত সূত্র অনুযায়ী, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়’-এর দায়িত্ব পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং বিচার বিভাগকে আধুনিকায়নের লক্ষ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজ্ঞকে এই দায়িত্ব দিতে চান। ঝিনাইদহ-১ আসন থেকে ১ লাখ ১৬ হাজার ২১ ভোট পেয়ে বিজয়ী হওয়া আসাদুজ্জামান এই পদের জন্য প্রথম পছন্দ হিসেবে আলোচনায় আছেন।
এ বিষয়ে মো. আসাদুজ্জামান জানান, আনুষ্ঠানিকভাবে তিনি কিছু না জানলেও দল এবং তারেক রহমান তাকে যে দায়িত্ব দেবেন, তা পালনে তিনি প্রস্তুত। বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা এই আইনজীবী দীর্ঘ দিন ধরে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসাদুজ্জামানের মতো একজন পেশাদার আইনজীবীকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে বিচার বিভাগে দীর্ঘদিনের জমে থাকা সংকট নিরসন এবং সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

মন্তব্য করুন