দীর্ঘ কারাভোগ এবং মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এক সময় যারা ফাঁসির প্রহর গুনছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারা এখন সংসদের পথে। এই তালিকায় রয়েছেন বিএনপির লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে দীর্ঘ ১৮ বছর কারাবন্দি ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই নেতা গত বছরের ১৬ জানুয়ারি মুক্তি পান। নির্বাচনে নেত্রকোনা থেকে অংশ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
একই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুও দীর্ঘ ১৭ বছর পর গত ২৪ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান। টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ২০১২ সাল থেকে বন্দি ছিলেন। গত বছরের ২৮ মে মুক্তি পাওয়ার পর রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় খালাস পেয়ে এবং জনরায় নিয়ে দীর্ঘ বিরতির পর আবারও আইনপ্রণেতা হিসেবে ফিরছেন এই তিন নেতা।

মন্তব্য করুন