ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
জামায়াত আমির উল্লেখ করেন, নির্বাচনে বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারা জনরায়কে স্বীকৃতি দিচ্ছেন। তবে ভোটের প্রাপ্ত হারের ব্যবধান গভীর ও জটিল বাস্তবতার ইঙ্গিত দেয়। তিনি বলেন, বিএনপির প্রায় ৫৪ শতাংশ ভোটের বিপরীতে জামায়াত জোট প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছে। বর্তমান ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতিতে বিপুল সংখ্যক ভোটারের আকাঙ্ক্ষার প্রতিফলন যথাযথভাবে মূল্যায়িত হয় না।
৫৩টি আসনে বিএনপি সামান্য ব্যবধানে জয়ী হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বিতর্কিত আসনগুলোতে স্বচ্ছতা বজায় রাখতে আইনের আওতায় সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং নির্দিষ্ট আসনের স্বচ্ছতা রক্ষার একটি দায়িত্বশীল প্রক্রিয়া।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ম্যান্ডেটকে সম্মান করার আহ্বান জানিয়ে জামায়াত আমির আরও বলেন, প্রায় ৬৮ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। তিনি নতুন সরকারকে আইনের শাসন সমুন্নত রাখা এবং সংযমের সঙ্গে দেশ পরিচালনার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সংবিধানের নিয়মের মধ্যে থেকে দেশ পরিচালনা করেন এবং আইন লঙ্ঘনকারী কর্মীদের জবাবদিহির আওতায় আনেন।

মন্তব্য করুন