জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া কোনো বাধা ছাড়াই স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাদের এই আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো যায়।”
দায়িত্ব গ্রহণের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, নতুন দায়িত্ব পাওয়া আনন্দের বিষয়, তবে এর সঙ্গে বিশাল দায়িত্ববোধও জড়িয়ে আছে। জনগণের প্রত্যাশা পূরণকেই প্রাধান্য দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “দেশের মানুষ যেভাবে বিচার ব্যবস্থা ও এই মন্ত্রণালয়কে দেখতে চায়, আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করব।”
এর আগে সকালে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন। জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রমের অগ্রগতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার নিয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।

মন্তব্য করুন