ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় অধ্যাপক নিয়াজ আহমদ খান ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি গ্রহণের পর পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগেই এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়কে একটি ভালো অবস্থানে নিয়ে এসেছেন এবং এখন তিনি সরে দাঁড়াতে চান। তবে প্রশাসনিক শূন্যতা এড়াতে সরকার ও অংশীজনদের অনুরোধে তিনি এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে হচ্ছেন, তা নিয়ে এখন বিশ্ববিদ্যালয় পরিবার ও শিক্ষা মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box