বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশকে জনগণের প্রকৃত আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠন জরুরি। এজন্য কিছু পরিবর্তন এবং সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তবে কতজন কর্মকর্তাকে বদলি বা নতুন নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদে পরিবর্তন আসতে পারে। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই প্রশাসনিক রদবদল করা হচ্ছে।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো বিল আকারে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজধানীর আদাবরে কিশোর গ্যাং ও সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের দমনে পুলিশ ও প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন