বিদেশ ফেরত অভিবাসীদের পুনর্বাসন ও স্বনির্ভর করতে শরীয়তপুরে ব্যবসা সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর সহযোগিতায় এবং ইতালি সরকারের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক অহেদুল ইসলাম সাহিন। বিশেষ অতিথি ছিলেন রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা। এছাড়াও শরীয়তপুর ও ঢাকার প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিদেশ ফেরত অভিবাসীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিদেশ ফেরত অভিবাসীরা দেশে ফিরে যেন নতুন করে কর্মসংস্থানের সুযোগ পান—সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।

এসময় ১৩ জনকে মুদি দোকানের জন্য রেফ্রিজারেটর এবং ৭ জনকে ইলেকট্রনিক্স দোকান পরিচালনা ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার উপকরণ দেওয়া হয়। পাশাপাশি ২৩ জন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত অভিবাসীদের মোট ৪ লাখ ২৬ হাজার ৫৩৭ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি অহেদুল ইসলাম সাহিন বলেন,অভিবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর এই সহযোগিতা প্রশংসনীয়।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ব্যবসা সামগ্রী ও চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box