গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় গণপ্রকৌশলীদের অবদান অনন্য। টেকসই উন্নয়ন অর্জনে তাঁদের জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উদ্বোধনের পর বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আইডিইবি জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সভাপতি এটিএম জাহিদ, এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ফরহাদ মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক নিপুল কৃষ্ণ মালোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। তাঁরা গণপ্রকৌশলীদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আইডিইবি’র বিভিন্ন পর্যায়ের সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box