শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে খেলাধুলায় উৎসাহ দিলেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (১৮ জানুয়ারি) সকালে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের আলহাজ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন সেট, ভলিবলসহ নানা ধরনের ক্রীড়া সরঞ্জাম তুলে দেন অপু। উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে। অনেকে বলেন, অপুর ভাইয়ের এ উদ্যোগ তাদের আরও উৎসাহিত করেছে এবং নিয়মিত খেলাধুলার সুযোগ বাড়বে।

এ সময় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন,
“একটি প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রাখে।”
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন শুধু শিক্ষিত না হয়, মানসিকভাবে দৃঢ় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বড় হতে পারে—সে লক্ষ্যেই তিনি সবসময় পাশে আছেন এবং থাকবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন,
“মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে নিয়মিত ভূমিকা রাখছেন। তার মতো নেতৃত্বই আমাদের আগামী দিনের আশার প্রতীক।”
অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও অপুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তার নেতৃত্বে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাচ্ছে।

Facebook Comments Box