আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাষানী খানের বসতবাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার চরগয়ঘর এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

হামলায় চেয়ারম্যানের বসতবাড়িসহ তার সমর্থকদের অন্তত ৯টি ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ৩টি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর পুলিশ তল্লাশি চালিয়ে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র জানায়, ভাষানী খান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের অনুসারী ছিলেন। ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরে গত ১৭ জানুয়ারি পাঁচ শতাধিক সমর্থক নিয়ে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের হাতে হাত রেখে বিএনপিতে যোগ দেন।

হামলার সময় চেয়ারম্যান ভাষানী বাড়িতে ছিলেন না। তার স্বজনরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার তিনি সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তার ভাতিজা শাজাহান খান অভিযোগ করেন, রাজনৈতিক দল পরিবর্তনের জের ধরেই পরিকল্পিতভাবে এই বর্বর হামলা চালানো হয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। তিনি এই ঘটনাকে নির্বাচনের পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রাসূল বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৯টি বাড়িতে ভাঙচুর ও ৩টি ঘরে অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেছে। কারা এই ঘটনার পেছনে জড়িত তা শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box