মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারসংলগ্ন এলাকা থেকে মাছ ধরার ছদ্মবেশে পরিচালিত ইয়াবা কারবারের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের নয়ন খালাসি (২০), নয়ানগরের অনিক হাওলাদার (২২) এবং সদর উপজেলার কাঠেরপুল এলাকার সজিব ঘরামী (২০)।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুর এলাকায় দীর্ঘদিন ধরে নৌকা ও টং ঘরের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে থানার তদন্ত পরিদর্শক সঞ্চয় কুমার ঘোষ, এসআই এনায়েত করিম ও রিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে মূল হোতা সুমন ও সোহেল পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ চক্রটি মাঝ নদীতে অবস্থান করে ইয়াবা বিক্রি করতো। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবা পানিতে ফেলে দিত, যাতে ধরা না পড়ে। এই ধরনের অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box