মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সচিব মো. জলিল মোড়লের বদলীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় সাধারণ জনগণ। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নুরমোহাম্মদ হাওলাদার, ইউপি সদস্য মো. রুবেল তালুকদার, মো. ইউসুফ খান, মো. ওয়াজেদসহ প্রায় শতাধিক স্থানীয় সাধারণ জনগণ।

ইউপি চেয়ারম্যান মো. নুরমোহাম্মদ হাওলাদার, ইউপি সদস্য মো. রুবেল তালুকদার ও মো. ইউসুফ খানসহ কয়েকজন অভিযোগ করেছেন, সচিব মো. জলিল মোড়ল যোগদানের পর থেকে তিনি নানান অনিয়মের সঙ্গে জড়িত। কাউকে তোয়াক্কা না করে তিনি নিজের ইচ্ছামত অফিস পরিচালনা করেন। এছাড়া তিনি টিসিবির ডিলারের সঙ্গে মালামাল ভাগবাটোয়ারা করে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। তাই আমরা তার দ্রুত বদলীর জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

অভিযুক্ত সচিব জলিল মোড়ল বলেন, “আমি অসুস্থ, তাই অফিসে ঠিকমতো আসতে পারি না।”

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, “কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সচিব মো. জলিল মোড়লের অনিয়মের কথা জানতে পেরেছি। তবে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box