ইতালিতে খুন হওয়া রাজৈরের পাখুল্লা গ্রামের যুবক সাগর বালার লাশ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাশবাহী গাড়ি বাড়ির সামনে থামতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা। শেষবারের মতো সাগরকে দেখতে গ্রামের মানুষ ছুটে আসেন। পরিবার জানায়, প্রায় আড়াই বছর আগে সাগর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যান এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। গত সেপ্টেম্বরে হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল।

বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে কালো ব্যাগে লুকানো অবস্থায় তার খণ্ডিত লাশ উদ্ধার করে। শনাক্ত হওয়ার পর থেকেই পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, “সাগরের মৃত্যু শুধু এক পরিবারের নয়, পুরো গ্রামের জন্য হৃদয়বিদারক এক ঘটনা।”

সাগর ছিলেন কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। পরিবারের একমাত্র ভরসা এই যুবকের লাশ আসার পর গ্রামে নেমেছে শোকের মাতম। পারিবারিকভাবে সৎকারের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box