দীর্ঘদিনের ভোগান্তির পর নিজের ফল রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন গোপালগঞ্জের মুকসুদপুরের এক গাছ মালিক। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দিগনগর গ্রামে ডাব চুরিতে বাধা দেওয়ায় দুই যুবকের মারধরে গুরুতর আহত হন মোয়াজ্জেম শিকদার (৫৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর রাতেই স্থানীয় জনতা অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রাকিব ইসলাম আজ মঙ্গলবার জানান, দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে ডাব চুরি করতে যায় স্থানীয় দুই যুবক, মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির। গভীর রাতে বিষয়টি টের পেয়ে গাছের মালিক মোয়াজ্জেম শিকদার তাদের হাতেনাতে ধরে ফেলেন।
চুরি করার সময় ধরা পড়ে যাওয়ায় অভিযুক্তরা নিজেদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা মোয়াজ্জেম শিকদারকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারতে শুরু করে। সংঘর্ষের সময় ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং জ্ঞান হারান।
বাড়ির লোকজন দ্রুত মোয়াজ্জেম শিকদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক রাকিব ইসলাম আরও জানান, রাতেই এলাকাবাসীর হাতে আটক দুই অভিযুক্তকে বর্তমানে সিন্দিয়াঘাট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত মোয়াজ্জেম শিকদারের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন