মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ইউনিয়নের বালিয়া এলাকায় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে এই রক্তক্ষয়ী সংঘাত চলে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার সকালে দুই পরিবারের নারীদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে আইয়ুব আলীর মেয়েকে মারধর করা হয়। এই ঘটনার সূত্র ধরে রাতে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে বালিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে মাদারীপুরে ককটেল বিস্ফোরণ ও গোষ্ঠীগত সংঘর্ষের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত শনিবারও শহরের ‘নতুন মাদারীপুর’ এলাকায় দীর্ঘ চার ঘণ্টার সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

মন্তব্য করুন