মালয়েশিয়ায় ভিসাহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির অভিবাসন বিভাগ ১০৮ জনকে আটক করেছে। শনিবার (২৭ জানুয়ারি) ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিযানে প্রথমে ২১৩ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে যাদের কাছে দেশটিতে বৈধভাবে থাকার কোনো কাগজপত্র ছিল না তাদেরকে আটক করা হয়।
আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। তাদেরকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কুয়ালালামপুরের বুকিত জলিল ডিটেনশন ডিপোতে ১৪ দিনের প্রাথমিক রিমান্ডে নেওয়া হয়েছে।
অভিবাসন পুলিশের এমন অভিযানে মালয়েশিয়ায় অবস্থানরত অনেক বাংলাদেশি নাগরিকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তারের ভয়ে অনেকেই আত্মগোপনে রয়েছেন।
অভিবাসন বিভাগ জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে অন্তত ৪৬৫ জন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য অংশ নেন।
মালয়েশিয়ায় বর্তমানে অভিবাসী বৈধকরণের যাচাইকরণ প্রক্রিয়া চলছে। এটি ৩১ মার্চ পর্যন্ত চলবে। কিন্তু এরইমধ্যে দেশটির বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে অভিবাসন বিভাগ।

মন্তব্য করুন