যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও সোশ্যাল সিকিউরিটি কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র জালিয়াতির একটি বড় চক্রের সন্ধান পেয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) এক বার্তায় এফবিআই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অনলাইনে একটি অবৈধ মার্কেটপ্লেস তৈরি করেছিলেন। সেখানে মার্কিন নথিপত্রের নিখুঁত ডিজিটাল টেমপ্লেট বিক্রি করা হতো যা ব্যবহার করে যে কেউ ভুয়া পরিচয়পত্র তৈরি করতে পারতো।

এই আন্তর্জাতিক সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যৌথ অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট ডোমেইন ও ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

জব্দ হওয়া ওয়েবসাইটগুলোতে এখন এফবিআই, মার্কিন বিচার বিভাগ এবং বাংলাদেশের সিটিটিসির লোগো সম্বলিত নোটিশ দেখা যাচ্ছে। মন্টানা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টের আইনি পরোয়ানা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফবিআই-এর মতে, এসব জাল টেমপ্লেট ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অপরাধীর পরিচয় এখনো গোপন রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ১৮ ইউ.এস.সি ধারার অধীনে ডোমেইনগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তির অবস্থান শনাক্ত এবং গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল জালিয়াতির মাধ্যমে বৈশ্বিক নিরাপত্তা বিঘ্নিত করার বিরুদ্ধে এটি বাংলাদেশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি মাইলফলক যৌথ কার্যক্রম।

Facebook Comments Box