সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোকবার্তার পাশাপাশি মোদি ২০১৫ সালে ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে তোলা দুটি ছবিও শেয়ার করেন।
নরেন্দ্র মোদি তার বার্তায় লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।”
সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি আরও বলেন, “মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন এবং তার আত্মার শান্তি দান করুন।”
২০১৫ সালে ঢাকা সফরের স্মৃতিচারণ করে মোদি উল্লেখ করেন, খালেদা জিয়ার সঙ্গে সেই সাক্ষাৎ তার কাছে আজও স্মরণীয় হয়ে আছে। আন্তর্জাতিক এই নেত্রীর প্রয়াণে মোদির শোকবার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন