ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে আটক হয়েছেন বলে দাবি করেছেন রিপাবলিকান সিনেটর মাইক লি। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং তাকে ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি করা হতে পারে।
সিনেটর মাইক লি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এখন ভেনেজুয়েলায় নতুন কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখছেন না, কারণ মূল লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন কর্মীদের ‘আসন্ন আক্রমণ’ থেকে রক্ষা করার সাংবিধানিক এখতিয়ার (দ্বিতীয় অনুচ্ছেদ) বলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযান চালিয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় একটি ‘বড় আকারের হামলা’ সফলভাবে সম্পন্ন করার ঘোষণা দেন। তিনি দাবি করেন, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।
ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো এই আটকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের এই আকস্মিক সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন