জাপান থেকে যুক্তরাষ্ট্র—উন্নত বিশ্বের দেশগুলো এখন এক অদ্ভুত ঋণের পাহাড়ে দাঁড়িয়ে। যখনই কোনো দেশের সরকারি ঋণ তার জিডিপির সমান বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখনই অর্থনীতির সংকেত লাল হতে শুরু করে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলো যেভাবে সরকারের বাজেট ঘাটতি মেটাতে পরোক্ষভাবে টাকা ঢালছে, তা বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ ‘ডুম লুপ’ (Doom Loop) বা ধ্বংসাত্মক চক্রের দিকে ঠেলে দিচ্ছে কি না, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে।
ডুম লুপ কী এবং কেন এটি বিপজ্জনক?
সহজ কথায়, উচ্চ সুদহারের কারণে যখন সরকারের বাজেট ঘাটতি বেড়ে যায়, তখন বিনিয়োগকারীরা ওই দেশের ঋণের ওপর আস্থা হারিয়ে ফেলে। ফলে সরকার সেই ঋণ শোধ করতে আরও বেশি সুদে টাকা ধার করতে বাধ্য হয়। এই যে চক্র—সুদ বাড়লে ঘাটতি বাড়ে, আর ঘাটতি বাড়লে আবার সুদ বাড়ে—একেই বলা হয় ‘ডুম লুপ’।
টাকা ছাপানোর নতুন কৌশল
অতীতে সরকার সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিত, যা মূল্যস্ফীতি ঘটাত। আধুনিক যুগে একে ‘কোয়ান্টিটেটিভ ইজিং’ (QE) বা কিউই নাম দিয়ে মার্জিত করা হয়েছে। ২০০৮ সালের মন্দা ও অতিমারীকালে কেন্দ্রীয় ব্যাংকগুলো বাজার থেকে বিপুল পরিমাণ সরকারি বন্ড কিনেছে। ধারণা ছিল অর্থনীতি চাঙ্গা হলে তারা এই বন্ড বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেবে (যাকে বলা হয় কোয়ান্টিটেটিভ টাইটেনিং বা কিউটি)। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বন্ড কেনা যতটা সহজ, তা বিক্রি করে টাকা তুলে নেওয়া ততটাই কঠিন। যুক্তরাষ্ট্রের ফেড যখনই বন্ড বিক্রির চেষ্টা করেছে, তখনই বাজার ধসে পড়ার উপক্রম হয়েছে।
হেজ ফান্ডের আড়ালে লুকানো ঝুঁকি
বর্তমানে এক জটিল ব্যবস্থার মাধ্যমে হেজ ফান্ডগুলো স্বল্পমেয়াদি ঋণের টাকায় দীর্ঘমেয়াদি সরকারি বন্ড কিনছে। এই পুরো প্রক্রিয়ার পেছনে তারল্য সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এখন পরোক্ষভাবে সরকারের বাজেট ঘাটতির অর্থায়ন করছে। রঘুরাম রাজন সতর্ক করে বলেছেন, এটি কোনো স্থিতিশীল সমাধান নয়। সুদহার আরও বাড়লে ফেডের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলোর নিজের ক্ষতিই আকাশচুম্বী হবে, যা পুরো বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে।
রাজন স্পষ্ট করেছেন, রাজনৈতিক জনপ্রিয়তার খাতিরে কৃচ্ছ্রসাধন না করে কেন্দ্রীয় ব্যাংকের ওপর এই ঋণের দায় চাপানোর পরিণতি কখনোই ভালো হয় না। দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য এখনই কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বাজেট ঘাটতির অর্থায়ন থেকে সরে আসার কার্যকর পথ খুঁজতে হবে।

মন্তব্য করুন