ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে ভয়াবহ হামলা চালিয়েছে কয়েকশ বিক্ষোভকারী। রোববার (১ মার্চ) এই সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিসের মুখপাত্র মুহাম্মদ আমিন আটজনের মরদেহ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা কনস্যুলেটের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং ভবনের জানালা-দরজার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে ভবনের কিছু অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।
এদিকে, খামেনির মৃত্যুর পর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার হুমকির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লিখেছেন, ইরান যদি আঘাত করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে যা আগে কখনো দেখা যায়নি। খামেনির পাশাপাশি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানও নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

মন্তব্য করুন