ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (০২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ১০ম দফার এই ভয়াবহ হামলায় নেতানিয়াহুর বর্তমান অবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আইআরজিসি-র জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘খায়বার’ নামক অত্যাধুনিক ও নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ঝটিকা অভিযান চালানো হয়। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। বিবৃতিতে দাবি করা হয়েছে, লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত শনিবার ইরান ভূখণ্ডে মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান ১০ দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি মূল ভূখণ্ডসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো।
হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বা অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তেল আবিব। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমবর্ধমান আক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে বলে জানা গেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতিকে এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে নিয়ে গেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মন্তব্য করুন