ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়েছে। হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের উদ্ধার হওয়া ফোনের তালিকায় নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম এসব মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের হ্যান্ডসেট রয়েছে।
হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া তালিকায় উল্লেখিত আইএমইআই (IMEI) নম্বরের সঙ্গে নিজেদের ফোনের নম্বর মিলিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে। তালিকায় নিজের ফোন শনাক্ত হলে মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে।
আদালতের আদেশ পাওয়ার পর আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উদ্ধার হওয়া ফোন বুঝে নিতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেজন্য ০১৬৭৬-২৭১৫২৯ নম্বরে যোগাযোগ করতে হবে।

মন্তব্য করুন